অনশন ভাঙলেন নাভালনি

অবশেষে ২৪ দিন পর অনশন ভেঙেছেন রাশিয়ার কারাবন্দি বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি। সুচিকিৎসার দাবিতে গত ৩১ মার্চ থেকে কারাগারে অনশন শুরু করেন। তবে গত বৃহস্পতিবার নাভালনির মৃত্যুর আশঙ্কা জানিয়ে তাকে অনশন ভাঙার আহ্বান জানান চিকিৎসকরা। এর এক দিনের মাথায় শুক্রবার অনশন ভাঙার ঘোষণা দেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে নাভালনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

নাভালনি জানান, দুই দফায় ডাক্তাররা তাকে দেখে গেছেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও সম্পন্ন হয়েছে। এ পরিস্থিতিতে তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। পিঠে তীব্র ব্যথা ও পায়ের অসাড়তার জন্য পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে অনশনে গিয়েছিলেন ৪৪ বছরের এ রাজনীতিক। বিষক্রিয়ার শিকার হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা নাভালনির পরিবার, চিকিৎসক, আইনজীবী ও সহযোগীরা বেশ কিছুদিন ধরে বলে আসছেন তার স্বাস্থ্যের অবস্থা ভালো নয়।