সোনারগাঁয়ে জুয়ার আস্তানায় গ্রামবাসীর অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে দ্বন্দ্বে জুয়ার আস্তানায় আগুন দিয়েছে এলাকাবাসী। গতকাল শনিবার দুপুরে কলতাপাড়া মাসাবো চকে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার বস্তল এলাকায় অ্যাম্পিয়ার স্টিল লিমিটেড নামে একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে গোলজার ও আল-আমিন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। কোম্পানির মালিক বালু ভরাটের কাজটি গোলজার গ্রুপকে দেন। গোলজার গ্রুপ বালু ভরাটের জন্য পাইপ আল-আমিন গ্রুপের বাবুলের বাড়ির পাশ দিয়ে নিয়ে যাচ্ছিল। এ নিয়ে বাবুলের সঙ্গে গোলজারের তর্ক-বির্তক হয়। একপর্যায়ে অ্যাম্পিয়ার স্টিলের মালিক আবুল কালাম বিষয়টি মীমাংসার জন্য বাবুলের কাছে গেলে তিনি ছুরি নিয়ে তাকে মারতে যান। তা দেখে এলাকাবাসী ও গোলজার পক্ষের লোকজন বাবুলকে ধাওয়া করে তার জুয়ার আস্তানার ঘর ভাঙচুর করে আগুন দেয়।

এ ব্যাপারে বাবুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার পুকুর পাহারা দেওয়ার একটি ঘর ভাঙচুর করে পুড়িয়ে দেয় গোলজারের লোকজন।’

তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. আহসান উল্লাহ বলেন, ‘বালু ভরাটকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।’