কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাসিগ্রাম থেকে জাল ডলার তৈরি প্রতারকচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এদের মধ্যে একজন বিদেশি নাগরিক রয়েছেন। তার নাম জোসেফ (৪১)। তিনি গিনির নাগরিক বলে জানা গেছে। বাকি চারজন হলেন গাসিগ্রাম এলাকার বাসিন্দা ওদুদ সরকার (৪০), বেলায়েত হোসেন (২৮), বাউল আলামিন দেওয়ান (২৮) ও আলী আশরাফ মিয়া (৩৫)।
গতকাল শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
তিনি জানান, শুক্রবার রাতে গাসিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে জাল ডলার তৈরির সরঞ্জামসহ ওই প্রতারকচক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা দীর্ঘদিন ধরে জাল ডলার তৈরি করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে কেনাবেচা করে আসছিল।