লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আক্কাস আলী (৪০) নামের এক ব্যক্তিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় এক মাস পর তার বড় ভাই ও ভাবিকে ময়মনসিংহের ত্রিশালের মাঠেরবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার পর থেকেই তারা পলাতক ছিলেন।
কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাত হোসেন গতকাল শনিবার তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার ভোরে দুজনকে আটক করে কালীগঞ্জ থানার নিয়ে আসা হয়।
গ্রেপ্তাররা হলেন আক্কাস আলীর বড় ভাই সোলেমান মিয়া (৫০) ও তার ভাবি জোসনা বেগম (৪০)। তাদের বাড়ি উপজেলার চলবলা ইউনিয়নের কিসামত দুহলি গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বাবার জমি ভাগাভাগি নিয়ে সোলেমান ও আক্কাসের মধ্যে বিরোধ চলছিল। গত ২৩ মার্চ দুপুরে এ নিয়ে বাগ্বিত-া শুরু হয়। পরে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা তাদের শান্ত করেন। সন্ধ্যা ৬টার দিকে ফের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সোলেমান কুড়াল দিয়ে আক্কাসকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ওসি বলেন, গতকাল সকালে দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।