পা্ওনা ৩০০ টাকার জন্য বন্ধুকে গলা কেটে হত্যা!

সাভারে পাওনা ৩০০ টাকার জন্য বাড়ি থেকে ডেকে রাজিব শেখ নামের (২৬) এক বাস চালককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তারই ভ্যান চালক বন্ধু নাজিম মন্ডলের বিরুদ্ধে।

ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত নাজিম মন্ডলকে আটক করেছে পুলিশ। এছাড়া মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় রবিবার সকালে নিহতরে বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে গত রাতে সাভারের আনন্দপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রাজিব শেখ মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার আনিস শেখের ছেলে। বতর্মানে সাভারে বাসের চালক ছিলেন। অপরদিকে আটক নাজিম মন্ডল রাজবাড়ি জেলার মৃত কাদের মন্ডলের ছেলে। বর্তমানে সাভারে বেসরকারি একটি প্রতিষ্ঠানের ভ্যান চালক ছিলেন।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, পাওনা ৩০০ টাকার জন্য দুই বন্ধু বাকবিতণ্ডার এক পর্যায়ে নাজিম ছুরি দিয়ে রাজিবের গলা কেটে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে অভিযান চালিয়ে নাজিমকে আটক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামি নাজিম মন্ডলকে আদালতে পাঠানো হচ্ছে।