রিজওয়ান-হাসান নৈপুণ্যে সিরিজ পাকিস্তানের

মোহাম্মদ রিজওয়ান ৬০ বলে খেললেন অপরাজিত ৯১ রানের ইনিংস। টি-টোয়েন্টিতে দ্রুততম ২ হাজার রানের কীর্তি গড়ে বাবর আজম থামলেন ৪৬ বলে ৫২ রানে। পরে হাসান আলি বল হাতে নিলেন ৪ উইকেট। সুবাদে জিম্বাবুয়েকে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ২৪ রানে হারাল পাকিস্তান। এই জয়ের সৌজন্যে ২-১ এ সিরিজ নিশ্চিত হলো সফরকারী দলটির।

১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ে ৭ উইকেটে ১৪১ রানে থামে। যদিও ১৩ ওভারে ১০১ রান তুলে ফেলেছিল দলটি। তবে এরপর ১৫ বলের মধ্যে তিন উইকেট হারিয়ে পথ হারায় দলটি।

ওয়েসলি মাধেভেরে সর্বোচ্চ ৫৯ রান করেন। এ ছাড়া তা‌দিওয়ান‌শে মারুমা‌নি ৩৫, ব্রেন্ডন টেইলর ২০ রান করেন। পাকিস্তানের পক্ষে হাসানের ৪ উইকেট ছাড়াও ২ উইকেট নেন হারিস রউফ।

সিরিজটা রিজওয়ানের কাটল দুর্দান্ত। এই ডানহাতি ব্যাটার প্রথম ম্যাচে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ম্যাচে ১৩ রান করলেও শেষ ম্যাচে আবারো জ্বলে উঠলেন।

শরজিল খান (১৮) দ্রুত ফিরে গেলেও বাবর আজমকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১২৬ রান যোগ করেন রিজওয়ান। ম্যাচ সেরা হয়েছেন অবশ্য হাসান আলি। সিরিজসেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

পাকিস্তান এ নিয়ে বিদেশে টানা দুটি সিরিজ জিতল। দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাঠে ৩-১ এ সিরিজ হারিয়ে জিম্বাবুয়ে গিয়েছিল দলটি। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে পাকিস্তান। হারারেতে প্রথম টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল, দ্বিতীয় টেস্ট শুরু ৭ এপ্রিল।