আখাউড়ায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. ইরন মিয়া (৫০) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার খালাজুড়া-আনোয়ারপুর সড়কের পাশের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ইরন মিয়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের আব্দুল হেকিমের ছেলে। তিনি পেশায় অটোরিকশার চালক ছিলেন। তিনি এক ছেলে সন্তানের জনক।

আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য কাজী ইউছুফ জানান, রবিবার ইফতারের পর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন ইরন মিয়া। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সোমবার সকালে খালাজুড়া-আনোয়ারপুর সড়কের পাশে জমিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশটি ইরনের বলে শনাক্ত করেন।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে বেলা ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।