কোম্পানীগঞ্জে খালে তরুণীর আগুনে পোড়া মরদেহ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে খাল থেকে অজ্ঞাতপরিচয় তরুণীর আগুনে পোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চরপার্বতী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জনতা বাজার সংলগ্ন কোম্পানীগঞ্জ-দাগনভূঞা-সোনাগাজী উপজেলার সীমান্তবর্তী দাদনার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল ১১টার দিকে স্থানীয় এক বাসিন্দা গরু নিয়ে মাঠে গেলে ওই তরুণীর অর্ধ পোড়ানো মরদেহটি দেখতে পান।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের ধারণা রাতের বেলা কেউ ওই তরুণীকে মেরে দাদনার খালের মাঝখানে ফেলে রেখে যায়।

নিহত তরুণীর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের পর আগুন দিয়ে মুখসহ শরীরের অর্ধেক অংশ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি দেশ রূপান্তরকে বলেন, ৩টি উপজেলার সীমান্তবর্তী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের যেহেতু পরিচয় পাওয়া যায়নি তাই ডিএনএ পরীক্ষার পর পরিচয় পাওয়া যাবে।