হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য অভিনয়শিল্পী আলমগীরের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। অথচ গতকাল ফেইসবুক এবং কিছু অনলাইন নিউজ পোর্টালে তার মৃত্যুর সংবাদ দেখা যায়। এরপর থেকেই হাসপাতালে থাকা আলমগীরের কাছে তার পরিবার, বন্ধু, স্বজন ও শুভাকাক্সক্ষীদের ফোন আসতেই থাকে। এতে আলমগীরও বুঝতে পারেন তার মৃত্যুর গুজব ছড়িয়েছে। এতে ভীষণ মর্মাহত হয়েছেন দেশবরেণ্য এই অভিনয়শিল্পী। আর শিল্পীর পরিবার ও চলচ্চিত্র অঙ্গনের অনেকে ক্ষুব্ধ হয়েছেন। গণমাধ্যমকে আলমগীর জানিয়েছেন, ‘আমি ভালো আছি, সুস্থ আছি।’ জানা গেছে, এমন ঘটনার পেছনে যারা জড়িত, তাদের খুঁজে বের করার প্রক্রিয়া চলছে। আর বিষয়টি পুলিশের সাইবার অপরাধ বিভাগকেও অবহিত করা হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় বরেণ্য শিল্পীদের নিয়ে এমন গুজব নতুন নয়। এর আগেও রাজ্জাক, এ টি এম শামসুজ্জামান, প্রবীর মিত্র, এন্ড্রু কিশোর, আজম খান, আইয়ুব বাচ্চুর মতো শিল্পীদেরও মারা যাওয়ার আগে একাধিকবার গুজব ছড়িয়েছিল। কিছুদিন আগে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন চলচ্চিত্রের আরেক বরেণ্য অভিনয়শিল্পী ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুককে নিয়েও মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এমন খবরে ভীষণভাবে মুষড়ে পড়েন তার পরিবারের সদস্যরা।