আনুষ্ঠানিক কারণ বলা হচ্ছে ‘ব্যক্তিগত’। কিন্তু সত্যিকার কারণ জানা সবারই। ভারতের করোনার প্রকোপ, দেশে ফেরা নিয়ে শঙ্কা, সম্ভাব্য কোয়ারেন্টাইন সব মিলিয়ে আইপিএল থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন অস্ট্রেলিয়ার একের পর এক ক্রিকেটার। সঙ্গে আছেন ভারতের একজনও। তবে সেই তিনি, রবিচন্দ্রন অশ্বিন সরাসরি উল্লেখ করেছেন কভিডের কথাই।
শুরুটা হয়েছিল লিয়াম লিভিংস্টোনকে দিয়ে। রাজস্থান রয়্যালসের ইংলিশ ব্যাটসম্যান আইপিএল ছেড়ে যান জৈব-সুরক্ষা বলয়ের মানসিক ধকলের কথা জানিয়ে। রাজস্থানেরই অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাই রবিবার দল ছেড়ে রওনা হন দেশের পথে। দল থেকে জানানো হয়, কারণটা ‘ব্যক্তিগত’। পরে দেশে ফেরার পথে দোহা বিমানবন্দর থেকে এসইএন রেডিওকে টাই জানান, তার আইপিএল ছাড়ার মূল কারণ কভিড পরিস্থিতিতে দেশে ফেরা নিয়ে শঙ্কা থেকে।
অশ্বিনের আইপিএল ছেড়ে যাওয়ার খবর জানা যায় রবিবার রাতেই। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সুপার ওভারে জয়ের পর নিজেই টুইট করে এটি জানান দিল্লি ক্যাপিটালসের অফস্পিনার, ‘এবারের আইপিএলে কাল (সোমবার) থেকে আমি বিরতি নিচ্ছি। আমার পরিবার ও ঘনিষ্ঠজনরা কভিড-১৯ রোগের সঙ্গে লড়াই করছে এবং এই কঠিন সময়ে আমি তাদের পাশে দাঁড়াতে চাই। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আবার আইপিএলে ফিরতে পারব বলে আশা রাখছি।’ এরপর গতকাল সকালে আরসিবি জানায়, তাদের দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার কাইল রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা ব্যক্তিগত কারণে দেশে ফিরে যাচ্ছেন ও এবারের আসরে আর তাদের দেখা যাবে না।
অবশেষে কেকেআরের জয় : টানা চার ম্যাচ হারার পর অবশেষে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। আহমেদাবাদে গতকাল ৫ উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়েছে তারা। টস জিতে আগে ফিল্ডিং নেয় কলকাতা। ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের ৩১ রান আর শেষে ক্রিস জর্ডানের ১৮ বলে ৩০ রানের ওপর ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১২৩ রান করে পাঞ্জাব কিংস। জবাবে ১৬.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় কলকাতা। ইউয়েন মরগান ৪৭* এবং রাহুল ত্রিপাঠি ৪১ রান করেন।