সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে ১০ ব্যবসায়ী

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের মান্নাননগর বাজার চৌরাস্তা এলাকার কাছে হাটিকুমরুল-বনপাড়া সড়কে গতকাল সোমবার দুপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১০ কাঁচামাল ব্যবসায়ী, শ্রমিক টাকাপয়সাসহ সর্বস্ব হারিয়েছেন। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দেয়।

তাদের মধ্যে পুলিশ সাতজনের নাম জানিয়েছে। তারা হলেন হায়াতুজ্জামান, ওয়াসিম, সুজন, মামুন, মানিক, হামিদুল ও রুহিত। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানিয়েছে। 

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. শাহজাহান আলী বলেন, রবিবার রাতে ঢাকার গাবতলী এলাকা থেকে অল্প ভাড়ায় এই ১০ কাঁচামাল ব্যবসায়ী ও শ্রমিক একটি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। তারা সোমবার ভোরের দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে পৌঁছালে ট্রাকে থাকা যাত্রীবেশী অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে সখ্য গড়ে তুলে তাদের পানীয় দ্রব্যের সঙ্গে চেতনানাশক খাইয়ে দেয়। ফলে তারা ট্রাকের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদের কাছে থাকা ১ মাসের উপার্জিত টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকার নির্জন স্থানে ফেলে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায়। অজ্ঞান অবস্থায় তাদের দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ অসুস্থ সাতজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে সুস্থ করে বাড়ি পাঠায়। এর আগে জ্ঞান ফিরে পেয়ে তিনজন আগেই বাড়ি চলে যান।