অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরের আগে নিজেদের তৈরির বেশ ভালো সুযোগই পাবে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দেশের বিপক্ষে খেলে ভারতের মাটিতে বিশ্বকাপ মিশনে নামবে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ আয়োজনের প্রক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এই দুই সিরিজের সূচিতে বদল এসেছে। পূর্বের সূচি অনুযায়ী প্রথমে নিউজিল্যান্ড ও পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল টাইগারদের।
পরিবর্তিত সূচিতে নিউজিল্যান্ড নয়, আগে আসবে অস্ট্রেলিয়া। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ শেষ করে জুলাইয়ের শেষে বা আগস্টের শুরুতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। এরপর নিউজিল্যান্ড আসবে।’
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই দলেরই আসলে বাংলাদেশে আসার কথা ছিল গত বছর। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল দুই দলেরই, যা ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তবে করোনার কারণে সিরিজ দুটি স্থগিত হয়।
এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি উপলক্ষ্যে স্থগিত সিরিজ দুটির ফরম্যাট বদলে টি-টোয়েন্টি করা হয়। এদিকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশিয় সিরিজ আয়োজিত হবে বলে শোনা যাচ্ছিল। সেই সম্ভাবনার কথা অবশ্য নাকোচ করে দিয়েছেন আকরাম খান।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পর ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে আসবে। তারা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগারদের সঙ্গে।
এদিকে জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করার কথা রয়েছে বাংলাদেশ দলের। সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা টাইগারদের। সব মিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দম ফেলবার ফুসরত নেই টাইগারদের।