শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শেষে সোমবার বিশ্রামে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার থেকে দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুতি শুরু করেছে মুমিনুল হকরা। এদিন পুরোদমে অনুশীলন করে টাইগাররা।
বৃহস্পতিবার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই মাঠেই দুই দলের প্রথম ম্যাচটি ড্র হয়। যেখানে রাজত্ব করেন দুই দলের ব্যাটসম্যানরা।
দ্বিতীয় টেস্টের উইকেট অবশ্য ভিন্ন হতে পারে বলে আগের দিন নিজের ভাবনা জানিয়েছেন সফরে বাংলাদেশ দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন। তার চাওয়া ভালো মানের উইকেট, যেখানে বোলারদের জন্যও কিছু থাকবে।
মঙ্গলবার টাইগারদের অনুশীলনে ব্যাটিংয়ের ওপর বেশি জোড় দিলেও, বোলিং ও ফিল্ডিংয়েও ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিওতে দেখা গেছে, দীর্ঘ সময় ধরে ব্যাট করছেন ব্যাটসম্যানরা।
অনুশীলন নিয়ে নবীন পেসার শরিফুল বলেন, ‘আজ কঠোর অনুশীলন করেছেন ব্যাটসম্যানরা। প্রত্যেকেই সতর্ক ও কঠোরভাবে নিজেদের অনুশীলন সম্পন্ন করেছেন।’
প্রথম টেস্ট ড্র করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের মুখ দেখে বাংলাদেশ। যাদিও এই পয়েন্ট প্রাপ্তিতে টেবিলে রদবলের সম্ভাবনা ছিল না। সেটা হয়ওনি। আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্টও (ভারত ও নিউজিল্যান্ড) নির্ধারন হয়ে গেছে।