সরকারবিরোধী পোস্ট

ডিজিটাল নিরাপত্তা মামলায় যুবক গ্রেপ্তার

ফেইসবুকে সরকারবিরোধী, সরকারের মন্ত্রী, এমপি ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে আপত্তিকর ব্যঙ্গচিত্র এবং পোস্ট দেওয়ায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাকিবুল হাসান রাসেল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিজিটাল নিরাপত্তা আইনে পাকুন্দিয়া থানায় করা একটি মামলায় গতকাল মঙ্গলবার ভোরে তাকে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামের বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

গত সোমবার রাতে উপজেলার বাহাদিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা আছাদুজ্জামান আসাদ বাদী হয়ে পাকুন্দিয়া থানায় মামলাটি করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রাসেল বিভিন্ন সময়ে তার ফেইসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে সরকারবিরোধী, সরকারের মন্ত্রী, এমপি ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে আপত্তিকর ব্যঙ্গচিত্র, কুরুচিপূর্ণ, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে আসছিলেন।