ফরিদপুরে ধান তুলতে কাস্তে হাতে জেলা প্রশাসক

চলমান কঠোর বিধিনিষেধের কারণে যান চলাচল বন্ধ থাকায় কৃষকরা পড়েছেন শ্রমিক সংকটে। বিশেষ করে দরিদ্র কৃষকরা বেশি সমস্যায় পড়ছেন। যদিও কিছুসংখ্যক শ্রমিক পাওয়া গেলেও তাদের দিতে হচ্ছে দ্বিগুণ পরিমাণ মজুরি। এ সংকটকালীন দরিদ্র কৃষকের ফসল ঘরে তুলতে নিজ হাতে ধান কাটলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

গতকাল মঙ্গলবার দুপুরে শহরের বাইপাস সড়কের পাশে দরিদ্র কৃষক রফিকুল ইসলামের ১০ কাঠা জমির ধান কেটে দেন জেলা প্রশাসক অতুল সরকারসহ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসকের সঙ্গে ধান কাটায় অংশ নেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হযরত আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল বাশারসহ অন্যান্য কর্মকর্তা।

জেলা প্রশাসক অতুল সরকার বলেন, কিছু পরিমাণ প্রতীকী ধান কাটা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।