ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চুরি হওয়া নবজাতককে ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ঝিনাইদহ র্যাব-৬। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নিশ্চিন্তপুর দাসপাড়ার এলাকার প্রিয়া খাতুন-জাহাঙ্গীর দম্পতির বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রিয়া খাতুন ওরফে মিনারাকে আটক করে র্যাব। প্রিয়া ও জাহাঙ্গীর ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। এর আগে গত সোমবার সন্ধ্যায় ইফতারের সময় কালীগঞ্জ শহরের একটি ক্লিনিক থেকে সদ্য প্রসূত শিশুটি চুরি হয়। শিশুটি কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়ার ইজিবাইকচালক মনিরুল ইসলামের সন্তান।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিন্তপুর দাসপাড়ায় অভিযান চালিয়ে প্রিয়া খাতুন-জাহাঙ্গীর দম্পতির বাড়ি থেকে নবজাতককে উদ্ধার করা হয়। এ সময় প্রিয়াকে আটক করা হয়। তবে তার স্বামী পলাতক।