‘মিনি মরিনহো’ বায়ার্নের নতুন কোচ

সোমবারই মোটামুটি পাকা খবর এসেছিল, আরবি লাইপজিগের কোচ জুলিয়ান নাগলসমানকে মনে ধরেছে বায়ার্নের। জার্মান জাতীয় দলের দায়িত্ব নিতে হান্সি ফ্লিক মৌসুম শেষে বায়ার্ন ছাড়ার ঘোষণা দিয়েছেন। তার জায়গায় নাগলসমান আসবেন, এমন শোনা গিয়েছিল। খবরটি পাকা করতে ২৪ ঘণ্টাও সময় নিল না বায়ার্ন। ১ জুলাই থেকে নয়্যার-মুলার-লেভানডোস্কিদের কোচিংয়ের দায়িত্ব নেবেন ৩৩ বছর বয়সী নাগলসমান। লাইপজিগের ৩৩ বছর বয়সী এই কোচকে আনতে বেশ কষ্ট হয়েছে বায়ার্নের। প্রতিদ্বন্দ্বী ক্লাব থেকে প্রায় ছিনিয়েই এনেছে তারা নাগলসমানকে। সে জন্য বড় অঙ্কও খসিয়েছে বায়ার্ন। জানা গেছে, অঙ্কটা বাংলাদেশি মুদ্রায় ২৫০ কোটি টাকার সমপরিমাণ হতে পারে, যা কোচদের দলবদলের অঙ্কে বিশ্বরেকর্ড। এর আগে পোর্তোর আন্দ্রেস ভিয়াস বোয়াসকে নিতে দেড় কোটি ইউরো খরচ করেছিল চেলসি। ডিফেন্ডার হিসেবে খেলোয়াড়ি জীবনটা স্থায়িত্ব পায়নি নাগলমানের। পেশাদার ক্যারিয়ারের শুরুতেই হাঁটুর ইনজুরিতে পড়েন, যা থেকে আর পরিত্রাণ মেলেনি। ইন্টারনেট।