সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কাহহার সিদ্দিকীর বিরুদ্ধে শীতার্তদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা সরকারি ৫১০টি কম্বল আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ কম্বল বিতরণ কাজের ট্যাগ অফিসার ও চৌহালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুনুর রহমান গত ১৩ এপ্রিল চৌহালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন গত ২১ এপ্রিল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাসির আহমেদ খানকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটি গত ২৬ এপ্রিল থেকে তদন্তকাজ শুরু করেছে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মজনু মিয়া বলেন, একাধিকবার চিঠি দিয়ে ইউপি চেয়ারম্যান আবদুল কাহহার সিদ্দিকীকে এ কম্বল বিতরণের মাস্টাররোল জমা দিতে বলা হয়েছে। কিন্তু এখনো তিনি তা জমা দেননি। ফলে ট্যাগ অফিসার মামুনুর রহমান উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
নাসির আহমেদ খান জানান, তদন্ত কমিটির কাজ অব্যাহত রয়েছে। এটি শেষ হলে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে।
এ বিষয়ে বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কাহহার সিদ্দিকী বলেন, ‘আমি কম্বল আত্মসাৎ করিনি। কম্বলগুলো যথাযথ নিয়মেই বিতরণ করা হয়েছে। এর মাস্টাররোলও রয়েছে।’