বেশি দামে তরমুজ বিক্রি এবং অবৈধভাবে যাত্রী বহনে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে কেজি দরে ও ক্রয়মূল্যের চেয়ে অধিকমূল্যে তরমুজ বিক্রি করার অপরাধে চার ফলের দোকানি এবং লকডাউনের বিধিনিষেধ অমান্য করে মাইক্রোবাসে যাত্রী পরিবহনের দায়ে ১২ জনকে ৫০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরে মেসার্স মক্কা ফলের দোকানের আরাফাত মিয়াকে ২ হাজার, মেসার্স ভৈরব এন্টারপ্রাইজের দিল জুম্মানকে ২ হাজার, মোহসিনের ফলের দোকানকে ৫ হাজার ও জুবায়ের মিয়ার ফলের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সরকারঘোষিত চলমান বিধিনিষেধ অমান্য করে মাইক্রোবাসে করে যাত্রী পরিবহনের দায়ে ১২ জন চালককে ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।