শাকিবের সঙ্গে দর্শক বেশি গ্রহণ করেছে

লকডাউনের কারণে নাটকের শ্যুটিং চললেও একেবারেই বন্ধ সিনেমার কাজ। এই অবসরে কী করছেন বড় পর্দার জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি? তার সঙ্গে কথা বলেছেন রণ

এই সময়...

এখন তো শ্যুটিং নেই। একইসঙ্গে রোজা চলছে। তাই এখন রোজাসহ ধর্মীয় নানা আচারবিধি মেনে চলার চেষ্টা করছি। এমন অনেক সময় গেছে যখন রোজা রেখে সারা দিন শ্যুটিং করেছি।

প্রথম রোজা...

অনেক ছোট থেকেই আমি রোজা রাখি। প্রথম রোজা রেখেছি ক্লাস ওয়ানের শেষদিকে বা ক্লাস টু-এর প্রথম দিকে। কিন্তু সাহরি খেতে উঠতাম আরও আগে থেকেই। তখন কিছু বুঝতাম না। আবছা আবছা অনেক কথা মনে পড়ে। সাহরি খাওয়ার জন্য রোজ উঠতাম। কোনোদিন না উঠতে পারলে বা আমাকে না ডাকলে সকালে উঠে কান্নাকাটি করতাম। আসলে সবার সঙ্গে উঠে সাহরি খাওয়ার মজাটাই ছিল আলাদা। প্রথম যেদিন রোজা রাখি সেদিন কষ্ট হয়েছিল অনেক। বারবার পানি খেতে চাইছিলাম।

আব্বু বলছিল আরেকটু পর, আরেকটু পর। এখনই মাগরিবের আজান দিয়ে দেবে। প্রথম রোজার ইফতার ছিল দারুণ আনন্দের। আজানের অনেক আগে থেকেই রেডি হয়ে খাবারের সামনে বসে যেতাম। আম্মা একটার পর একটা খাবার নিয়ে হাজির হতেন। আজানের জন্য অধৈর্য হয়ে পড়তাম। ভীষণ মিস করি ছেলেবেলার রোজার দিনগুলো।

সাহরি ও ইফতার...

আমার খাওয়ার অভ্যাসগুলো আম্মার তৈরি করা। সেই ছোটবেলা থেকেই ইফতারে ভাজাপোড়ার সঙ্গে ফল বা শরবত যা-ই থাকুক না কেন পাতলা খিচুড়ি খাওয়াতেন। রান্না করতেন আম্মা। আজও এটা আমার খুব পছন্দের। আম্মা বলতেন এই খিচুড়ি নাকি পেট ঠান্ডা রাখে। আর আব্বার কাছ থেকে একটা ইন্টারেস্টিং খাবার খাওয়া শিখেছি। শুধু রোজা এলেই খাওয়া হয়। সেটা হলো কাঁচা ছোলা বুট। ছোটবেলা থেকেই খাবারটি আমার ইফতারের সেরা পছন্দ। ছোটবেলায় ইফতারে ভাজার জন্য যে বুট ভিজিয়ে রাখা হতো সেখান থেকে কিছু বুট আলাদা রেখে দিতাম। পরে সেটা কাঁচামরিচ, সরিষার তেল, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে মেখে খেতাম। এখনো খাই। খুব মজা লাগে আমার। আর সাহরিতে শরীর ঠান্ডা রাখে এমন হেলদি খাবার খাই।

সিনেমার খবর...

দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়। একটি ‘বৃদ্ধাশ্রম’, অন্যটি ‘নীলিমা’। নতুন চারটি ছবির শ্যুটিংয়ের পরিকল্পনাও চূড়ান্ত। ‘ভাগীরথী’ নামের ছবির স্ক্রিপ্টটা ভীষণ পছন্দ হয়েছে। ‘রণ যোদ্ধা’ ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছি। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘বব স্টার’ থেকে ‘নায়িকা’ আর বি হ্যাপি এন্টারটেইনমেন্ট থেকেও আরেকটি ছবির শ্যুটিং শুরুর কথা। সবকিছু করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে।

পর্দা রসায়ন...

পর্দায় দর্শক আমাকে শাকিব খানের বিপরীতে সবচেয়ে বেশি গ্রহণ করেছে। যখনই প্রেক্ষাগৃহে ছবি দেখতে গিয়েছি, গানের দৃশ্য এলেই এত শিষের আওয়াজ, গানই কানে শুনতে পাই না। আমরা একসঙ্গে পাঁচটা ছবিতেই অভিনয় করেছি, প্রতিটিতে আমি দর্শকদের অসাধারণ প্রতিক্রিয়া পেয়েছি।