কোভ্যাকসিনে ভারতীয় ধরন নিষ্ক্রিয় হয় : ফাউসি

ভারতের করোনার ধরনটিকে নিষ্ক্রিয় করতে পারে সে দেশেরই তৈরি কোভ্যাকসিন নামের টিকা। যুক্তরাষ্ট্রের শীর্ষ চিকিৎসাবিষয়ক উপদেষ্টা অ্যান্থনি ফাউসি গত মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের খবরে বলা হয়েছে, ভারতে পাওয়া করোনার ধরনটির নাম বি.১.৬১৭। যে টিকাটি এটি নিষ্ক্রিয় করতে সক্ষম বলে জানা গেছে, সেই কোভ্যাকসিন তৈরি করেছে ভারত বায়োটেক।

অ্যান্থনি ফাউসি বলেছেন, ‘এ বিষয়ে অধিকতর তথ্য-উপাত্ত আমরা সংগ্রহ করে চলেছি। তবে সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, বি.১.৬১৭-কে নিষ্ক্রিয় করতে পারে কোভ্যাকসিন। যারা এই টিকা নিয়েছেন, তাদের কাছ থেকে পাওয়া তথ্যই আমলে নেওয়া হয়েছে। সুতরাং ভারতে যে কঠিন পরিস্থিতি দেখা যাচ্ছে, তা মোকাবিলায় টিকা দেওয়া একটি ভালো সমাধান হতে পারে।’

এনডিটিভি জানায়, ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) সঙ্গে মিলে কোভ্যাকসিন টিকা তৈরি করেছে ভারত বায়োটেক। গত ৩ জানুয়ারি ভারতে জরুরি ব্যবহারের ক্ষেত্রে এই টিকা অনুমোদন দেওয়া হয়। আইসিএমআর বলছে, এই টিকার কার্যকারিতা ৭৮ শতাংশ।

বিশ্বের অন্তত ১৭টি দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরন পাওয়া গেছে। এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনার এ ধরনকে অতি সংক্রামক বলে মনে করা হচ্ছে। ভারতে করোনার সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে এ ধরন ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে।