অবশেষে শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভেঙেছেন অভিষেক টেস্ট খেলতে নামা শরিফুল ইসলাম। ওপেনার দিমুথ করুনারত্নেকে উইকেটরক্ষক লিটন দাশের ক্যাচ বানিয়েছেন এই ১৯ বছর বয়সী পেসার।
সেই সঙ্গে তৃতীয় সেশনে এসে ভাঙল লঙ্কানদের ২০৯ রানের ওপেনিং জুটি। সাজঘরে ফেরার আগে ১৯০ বলে ১৫ চারে ১১৮ রান করেছেন করুনারত্নে। আরেক ওপেনার লাহিরু থিরিমান্নেকে নিয়ে প্রথম দিনের দুই সেশন নিমেষে কাটিয়ে দেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত টসে জিতে প্রথম ইনিংস শুরু করা শ্রীলঙ্কা ৬৭ ওভারে ১ উইকেটে হারিয়ে করেছে ২২১ রান। ২০০ বলে ১১ চারে ৯৮ রানে ব্যাট করছেন থিরিমান্নে। তাকে সঙ্গ দিচ্ছেন ওশাদা ফার্নান্দো (৩)।
করুনারত্নে সাজঘরে ফিরতে পারতেন প্রথম সেশনেই। পেসার তাসকিন আহমেদের করা ইনিংসের ২০তম ওভারের শেষ বলে লঙ্কান অধিনায়কের ক্যাচ ছাড়েন স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্ত। করুনারত্নের রান তখন ২৮। জীবন পেয়ে দ্বিতীয় সেশনে ফিফটি উদ্যাপন করেন তিনি।
এরপর রানের গতি বাড়িয়ে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। তাইজুলের করা ৫৫.২ ওভারে ২ রান নিয়ে ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি উদযাপন করেন তিনি। এর আগে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেন করুনারত্নে। অবশ্য সেই সেঞ্চুরিকে পরে নিয়ে যান দ্বিশতকে। খেলেন ক্যারিয়ার সেরা ২৪৪ রানের ইনিংস।
তার আগে শরিফুলের করা ১০.৫ ওভারে এক রান নিয়ে শ্রীলঙ্কার হয়ে দশম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইফলকে পা রাখেন করুনারত্নে।
সেঞ্চুরির পথে আছেন আরেক লঙ্কান ওপেনার লাহিরু থিরিমান্নে। লাঞ্চ বিরতি থেকে ফিরে তিনিও ফিফটি উদযাপন করেন। গত ছয় ইনিংসের মধ্যে এটি পঞ্চম ফিফটি।
কেন্ডির পাল্লেকেলেতে দুই দলের দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামে একাদশে এক পরিবর্তন নিয়ে। লঙ্কানদের একাদশে এসেছে দুই পরিবর্তন। সিরিজর প্রথম টেস্ট ড্র হয়।