পার্বতীপুরে মাদক, চুরি ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে লাঠি মিছিল

দিনাজপুরের পার্বতীপুরে মাদক, চুরি ও অসামাজিক কার্যকলাপ বিরোধী লাঠি মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে এলাকাবাসী। লাঠি মিছিলে চার শতাধিক বিক্ষোভকারী অংশ নেয়।

শুক্রবার (৩০এপ্রিল) বিকেল ৩টায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকাবাসী মাদক ও চুরি নির্মূল কমিটি এবং সাধারণ মানুষের প্রতিবাদের প্রেক্ষিতে লাঠি মিছিল বের করে।

মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার, গুলশান নগর, নতুন বাজার, চুরিপট্টি, কাপড় মার্কেটসহ শহর প্রদক্ষিণ করে। গণমিছিলে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামানিক।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন সমাজ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক অভি, পৌর কাউন্সিলর কৈলাস প্রসাদ সোনার, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোক্তারুল আলম, ইউপি চেয়ারম্যান মোফাখারুল ইসলাম ফারুক, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহিন আলমসহ বিভিন্ন পেশাজীবীরা মানুষ।    

পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামাণিক বলেন, পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে নেশা ও চুরির মতো অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে হবে সবাইকে। মাদক ও চুরির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।