শুরুটা দুর্দান্ত হলেও মধ্যাহ্ন ভোজের বিরতিতে যাওয়ার আগেই টপ-অর্ডারের ২ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ওপেনার সাইফ হাসানের (২৫) বিদায়ের ১৭ বল পর শূন্য হাতে সাজঘরে ফেরেন শান্ত। এই ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানের বিদায়ের পরপরই প্রথম সেশন শেষ হয়।
দলের ৯৮ রানে সাইফকে ফিরিয়ে টাইগারদের ওপেনিং জুটি ভাঙেন প্রবীন জয়াবিক্রম। এরপর স্কোরবোর্ডে আর মাত্র এক রান জমা হতেই রমেশ মেন্ডিসের বলে লাহিরু থিরিমান্নের হাতে বন্দী হন শান্ত। এই সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়ার পর টানা দুই ইনিংসে শূন্য রানে আউট হলেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংস শুরু করে ২৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৯ রান করেছে বাংলাদেশ। ৯৬ বলে ১১ চারে ৭০ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন ওপেনার তামিম ইকবাল। সফরকারীরা এখনো পিছিয়ে আছে ৩৯৪ রানে।
শ্রীলঙ্কা সফরে হাসছে তামিমের ব্যাট। সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসের পর দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসেও ফিফটির দেখা পেয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার।
সাদা পোশাকের ক্রিকেটে এটি তার টানা চতুর্থ ফিফটি। এই সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে দুই টেস্ট সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে তার রান ৯০ ও ৭৪*।
ওয়ানডেতে অবশ্য টানা পাঁচ ফিফটি করারও কৃতিত্ব আছে তামিমের। ২০১২ সালে ঘরের মাটিতে এই মাইলফলকে পা রাখেন ৩২ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটসম্যান।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয়দিনে প্রথম ইনিংস শুরু তামিম ফিফটির ঘরে পা রাখেন দলের রান যখন ১৪.৫ ওভারে বিনা উইকেটে ৬১। রমেশ মেন্ডিসের বলে এক রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের ৩০তম ফিফটি তুলে নেন তিনি।
এর আগে দিনের শুরুতে তাসকিন আহমেদের আঘাতের পরপরই ৭ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ইনিংসের ১৫৯.২ ওভারে নিজের চতুর্থ শিকার হিসেবে মেন্ডিসকে (৩৩) সাজঘরে ফেরান বাংলাদেশি পেসার। এর পরপরই ইনিংস ঘোষণা দেয় স্বাগতিকেরা। ৭২ বলে ৮ চার ও ১ ছয়ে ৭৭ রানে অপরাজিত ছিলেন নিরোশান দিকভেলা। লঙ্কান উইকেটরক্ষক ৬৪ ও মেন্ডিস ২২ রান নিয়ে তৃতীয়দিন শুরু করেন। আলোকস্বল্পতার কারণে শ্রীলঙ্কা দ্বিতীয় দিন শেষ করে ১৫৫.৫ ওভারে ৬ উইকেটে ৪৬৯ রান নিয়ে।
গত বৃহস্পতিবার কেন্ডির পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু করে দুই দল। সিরিজের প্রথম ড্র হয়।