ফেনীতে ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু

ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে সন্তানের লাঠির আঘাতে পিতা মো. সাইদুল হকের (৮০) মৃত্যু হয়েছে। অভিযুক্ত সন্তান মো. সাইফুল (৪০) পলাতক রয়েছে।

ইউনিয়নের পূর্ব দেবীপুর গ্রামে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আতোয়ার রহমান, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন, ওসি তদন্ত ওমর হায়দার ও শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পারিবারিক সূত্র জানায়, ইফতারের আগ মুহূর্তে পিতা ও পুত্রের সাথে পূর্ব বিরোধের জেরে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় মো. সাইদুল হককে তার ছোট সন্তান মো. সাইফুল বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতরভাবে আহত করে।

স্থানীয়রা মো. সাইদুল হককে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ বাবার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পর থেকে ছেলে সাইফুল ইসলাম ও ছেলের বউ নাছিমা আক্তার পলি বাড়ি থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।