পশ্চিমবঙ্গের নির্বাচনের ভোট গণনা শুরু

কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলই হ্যাটট্রিক ক্ষমতায় থাকছে ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যে তা কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। আলোচিত এই নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে।

স্থানীয় সময় রবিবার সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়েছে। করোনা স্বাস্থ্যবিধি মেনেই চলছে ভোটগণনা।

বিধানসভা নির্বাচনে মোট ২৯৪টি আসনের মধ্যে ১৪৮টিতে জয় পেলে নিশ্চিত হবে মসনদ। অবশ্য প্রার্থী মারা যাওয়ার কারণে ২টি আসনে নির্বাচন পিছিয়েছে।

করোনা মহামারীর বিষয়টি মাথায় রেখে গণনাকেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে আগের তুলনায়। আগেরবার যেখানে ৯০টি গণনাকেন্দ্র ছিল, এবার তা বাড়িয়ে করা হয়েছে ১০৮টি।

আনন্দবাজার বলছে, ১০ বছর আগে বামদুর্গ ভেঙে এ রাজ্যে ঘাসফুল ফুটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালেও সেই ধারা অব্যাহত ছিল। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফল বুঝিয়ে দেয়, পশ্চিমবঙ্গে একটা বড় অংশের মানুষ গেরুয়া শিবিরের দিকে ঝুঁকেছেন।

অবশ্য অধিকাংশ বুথ ফেরত জরিপে এগিয়ে ছিল মমতার তৃণমূল। কিন্তু কিছু জরিপে বিজেপিকে এগিয়ে রাখায় তাদেরকে হিসাব থেকে বাদ দেওয়া যাচ্ছে না। এছাড়া করোনার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পুরো পশ্চিমবঙ্গ দাপিয়ে বেড়ানোকে খাটো করে দেখার সুযোগ নেই।

রবিবার পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরিতেও ভোটগণনা। তবে পশ্চিমবঙ্গ রাজ্যের দিকেই নজর সবার।