ভারতে পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে সবার নজর এখন পশ্চিমবঙ্গে। আর বিশেষ করে নন্দীগ্রামের রায় কোন দিকে যায় সে দিকেই অনেকের নজর।
এখানে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে লড়ছেন একদা তার বিশ্বস্ত সেনানী শুভেন্দু অধিকারী।
এই ভোটের লড়াইয়ে প্রাথমিক গণনায় নন্দীগ্রামে এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুটা পিছিয়ে পড়েছেন শুভেন্দু।
এছাড়া আনন্দবাজার বলছে, এখন পর্যন্ত ৪০টি আসনে এগিয়ে আছে তৃণমূল। আর ৩৫টিতে বিজেপি।
এই সময় বলছে, এখন পর্যন্ত ৬৩টিতে এগিয়ে তৃণমূল আর ৫৪টিতে এগিয়ে আছে বিজেপি।
গত ২০১৬ সালের বিধানসভায় তৃণমূল পেয়েছিল ২৯২টি আসনের মধ্যে ২১১টি। অন্যদিকে বিজেপি পেয়েছিল মাত্র ৩টি আসন। যদিও ২০১৯ সালের লোকসভায় নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান হয়।
বিধানসভা নির্বাচনে মোট ২৯৪টি আসনের মধ্যে ১৪৮ টিতে জয় পেলে নিশ্চিত হবে মসনদ। অবশ্য প্রার্থী মারা যাওয়ার কারণে ২টি আসনে নির্বাচন পিছিয়েছে।
করোনা মহামারীর বিষয়টি মাথায় রেখে গণনাকেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে আগের তুলনায়। আগেরবার যেখানে ৯০টি গণনাকেন্দ্র ছিল, এবার তা বাড়িয়ে করা হয়েছে ১০৮টি।
১০ বছর আগে বামদুর্গ ভেঙে এ রাজ্যে ঘাসফুল ফুটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালেও সেই ধারা অব্যাহত ছিল। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফল বুঝিয়ে দেয়, পশ্চিমবঙ্গে একটা বড় অংশের মানুষ গেরুয়া শিবিরের দিকে ঝুঁকেছেন।
রবিবার পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরিতেও ভোট গণনা। তবে পশ্চিমবঙ্গ রাজ্যের দিকেই নজর সবার।