ভোটে পিছিয়ে আছেন শ্রাবন্তী-রুদ্রনীল

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সিনেজগতের দুই আলোচিত প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ পিছিয়ে পড়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত সরাসরি ফলাফলে কলকাতা সময় সাড়ে ১০টা নাগাদ জানা যায়, বিজেপির দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বীদের থেকে পিছিয়ে পড়েছেন।

নির্বাচনের কিছুদিন আগে প্রথমবারের মতো রাজনীতিতে সরব হন শ্রাবন্তী। পশ্চিম বেহালা থেকে লড়ছেন তিনি। নির্দেশ অমান্য করে প্রচারণা চালিয়ে মামলার মুখোমুখিও রয়েছেন এ অভিনেত্রী। তারপরও দমে যাননি তিনি। কিন্তু ভোট গণনার দিন তার জন্য হতাশার খবর দিল সংবাদমাধ্যমগুলো।

অন্যদিকে বিজেপিতে যোগ দিয়ে সতীর্থদের সমালোচনার মুখে পড়েন রুদ্রনীল ঘোষ। এর আগে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। দল পাল্টেই গরম সুরে কথা বলা শুরু করেন। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। ভবানীপুরের এই প্রার্থীর অবস্থাও ভালো নয়।

ভোটের লড়াইয়ে আরও এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী গায়িকা অদিতি মুন্সি, পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা চিরঞ্জীৎ চক্রবর্তী, জুন মালিয়া, সায়নী ঘোষ ও কাঞ্চন মল্লিক। পিছিয়ে পড়েছেন বিজেপি থেকে কয়েকবার নির্বাচিত গায়ক বাবুল সুপ্রিয়। তবে এগিয়ে আছেন দলবদল করে বিজেপিতে আসা হিরণ চট্টোপাধ্যায়।