মামুনুলের ২৪ দিন রিমান্ড চায় পুলিশ

হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে সহিংসতা ও ধর্ষণের অভিযোগে আলাদা তিন মামলায় ২৪ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

রবিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবীরের আদালতে তিন মামলায় মামুনুল হককে ২৪ দিনের রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। চায় পুলিশ আদালত আসামির উপস্থিতিতে আগামী ৯ মে শুনানির দিন ধার্য করেছে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান জানিয়েছেন, মামুনুলের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলায় পুলিশ ১০ দিনের রিমান্ডে চেয়ে ও তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে। একই সঙ্গে সোনারগাঁ রয়েল রিসোর্টে ও যুবলীগ নেতার বাড়িতে হামলা ভাঙচুর ও সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা দুটি মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ডসহ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ । আদালত আসামির উপস্থিতিতে আগামী ৯ মে শুনানির দিন ধার্য করে।

গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন রয়েল রিসোর্টে জান্নাত আরা ঝর্ণাসহ মামুনুল হককে আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে ঝর্ণাকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন মামুনুল। পরে হেফাজতের লোকজন মামুনুলকে পুলিশের কাছ থেকে নিয়ে যায়।