করোনাভাইরাসের কারণে ঘরোয়া ক্রিকেট বন্ধ আছে। এতে জাতীয় ক্রিকেটারদের কোনো ক্ষতি হচ্ছে না। বিসিবির সঙ্গে চুক্তিতে থাকা ঘরোয়া ক্রিকেটাররা কষ্টে হলেও চলছেন। কিন্তু বিসিবির চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা আছেন বিপদে। খেলা না থাকায় উপার্জন বন্ধ হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত তারা। ক্ষতিগ্রস্ত এই ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে বিসিবি। চুক্তির বাইরে থাকা ১৭২০ ক্রিকেটারদের ২ কোটি টাকা আর্থিক প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
প্রণোদনার এই টাকা পুরুষ-নারী উভয় ক্রিকেটাররাই পাবেন। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি, ‘করোনাভাইরাসের মহামারীর কারণে ঘরোয়া ক্রিকেটের অধিকাংশ প্রতিযোগিতা মাঠে গড়ায়নি, তাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ১৪৩২ পুরুষ ও ২৮৮ নারী ক্রিকেটারকে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এই টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।’
কোন ক্রিকেটার কত টাকা করে পাবেন তা অবশ্য খোলাসা করেনি বিসিবি। বিসিবির অধীনে ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন আসরসহ এই টাকা পাবে ঢাকা প্রিমিয়ার লিগ, ঢাকা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন ও থার্ড ভিডিশন, নারী জাতীয় দল, ইমার্জিং ও অনূর্ধ্ব-১৯ দল, নারী জাতীয় ক্রিকেট লিগ, প্রিমিয়ার ডিভিশন ও ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে খেলা ক্রিকেটাররা।