ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় নিচের বালু ধসের কারণে গর্তে পড়ে সবুজ মিয়া (৩৫) নামে এক শ্রমিক মারা গেছেন। গত শনিবার মে দিবসের দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীর তিন নম্বর বালুমহালের বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল এলাকায় এ বালুচাপা পড়ার ঘটনা ঘটে।
নিহত শ্রমিক সবুজ মিয়া উপজেলর পৌরসভার পশ্চিম খরস গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।
নিহতের চাচা নুরু মিয়া জানান, প্রতিদিনের মতো সবুজ ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন করছিল। এ সময় সে বালুর ওপরে দাঁড়িয়ে ছিল। ড্রেজারে বালু উত্তোলনের ফলে দাঁড়ানো স্থানে বালু ধসে গর্তের সৃষ্টি হয়। এ গর্তে সুবজ বালুচাপা পড়ে যায়।
ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে সবুজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম ঘটনার সত্যত্য নিশ্চিত করেছেন।