গান ও অভিনয় নিয়ে সমান্তরাল ব্যস্ত সময় কাটে জনপ্রিয় তারকা তাহসান খানের। বিশেষ দিবসে তিনি উপহার দেন নানা ধরনের কাজ। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। এসব নিয়ে কথা বলেছেন তিনি
ঘরবন্দি...
করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতার কথা আমরা সবাই জানি। পাশের দেশ ভারতের অবস্থা দেখে তো সত্যি ঘাবড়ে যাবে যে কউ। কিন্তু তারপরও কেন যে আমরা সচেতন হচ্ছি না, জানি না। আমিও করোনার প্রথম ঢেউয়ে লকডাউনের ফাঁকে ফাঁকে কাজ করেছিলাম। নিজে করোনা আক্রান্তও হয়েছিলাম। তাই এবার আরও সচেতন হচ্ছি। আমরা যারা পাবলিক ইনফ্লুয়েন্সার, তারা যদি নিজেরা সচেতন না হই, তবে আমাদের কথা মানুষ শুনবে কেন? তাই এবার একেবারেই ঘরবন্দি আছি। ঘরে বসেই যতটুকু মন ভালো রাখা যায়, সেই চেষ্টা করছি। আমি শিল্পী, শিল্পের নানা মাধ্যমের কাজ ও তার চর্চা ঘরে বসে করা সম্ভব।
সাম্প্রতিক কাজ...
সম্প্রতি শীর্ষ একটি ই-কমার্স প্রতিষ্ঠানের আইকনিক ফেস হিসেবে যুক্ত হয়েছি। এটির প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছি। বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ঢাকার জাপান দূতাবাস একটি গানচিত্র তৈরি করেছে। ‘বন্ধুত্বের পতাকা’ শিরোনামের গানটিতে আমি কন্ঠ দেওয়ার পাশাপাশি লিখেছি ও সুর করেছি। গানটিতে চলমান মহামারী মোকাবিলায় জাপানসহ সারা বিশ্ব যেসব নিয়মনীতি মেনে চলছে সে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমি আশা করব, গানটি দু দেশের বন্ধুত্বকে এগিয়ে নিতে এবং একতাবদ্ধ হয়ে এই পরজীবীর বিরুদ্ধে লড়তে উদ্বুদ্ধ করবে। গানটি জাপান দূতাবাস তাদের ফেইসবুক পেজে ইতিমধ্যেই অবমুক্ত করেছে।
ঈদের নাটক...
এবারের ঈদটা ভিন্নভাবে হবে। কারণ এবার ঈদের নাটকে বা গানে সেভাবে আমাকে পাওয়া যাবে না। এবার ঈদের জন্য একদমই কাজ করিনি। এখন অভিনয় নিয়ে একদমই ভাবছি না। ঈদের যেসব নাটক ও টেলিছবির প্রস্তাব পেয়েছিলাম, তা ফিরিয়ে দিয়েছি। কারণ করোনা ও লকডাউন। লকডাউনে কোনো কাজই করিনি। আগে যেসব নাটকে কাজ করেছি, তার কোনোটা যদি ঈদে প্রচার হয়, তাহলে ছোটপর্দায় আমাকে দেখা যেতে পারে। একটি নতুন গান প্রকাশের কথা ছিল, সেটিও হচ্ছে না। ‘সেই তুমি’ শিরোনামের গানের ভিডিও প্রকাশ করার পরিকল্পনা ছিল। লকডাউনের জন্য শ্যুটিং বন্ধ, তাই এর ভিডিও করা হয়নি। বড় আয়োজনে কাজের কথা ভাবলেও তা সম্ভব হচ্ছে না বলে গানও প্রকাশ হবে না।
সারিকার সঙ্গে...
অনেক দিন পর সারিকার সঙ্গে কাজ করলাম। সাগর জাহানের পরিচালনায় ‘কম খরচে ভালোবাসা’ নামের নাটকটির কাজ করেছি কিছুদিন আগে। ঈদের অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় প্রচারিত হবে। এরই মধ্যে নাটকটির প্রোমো প্রকাশিত হয়েছে। দর্শক বেশ উপভোগ করছেন। আমি চারদিক থেকে এর প্রশংসা পাচ্ছি। তাতে মনে হচ্ছে নাটকটিও দর্শক উপভোগ করবেন। আসলে নাটকটির গল্পটি বেশ ইন্টারেস্টিং। রোমান্টিক গল্প, কিন্তু চরিত্র ও উপস্থাপনশৈলীতে বৈচিত্র্য রয়েছে। আমাদের রসায়নও হয়তো দর্শকের মন কেড়েছে।