সোনু সুদের খাবার, অর্জুনের অ্যাম্বুলেন্স

করোনার কারণে গত বছর লকডাউনের শুরু থেকেই বলিউড তারকা সোনু সুদ মানবিকতার স্বাক্ষর রেখেছেন। নগদ অর্থ, খাবার, নিজের রেস্টুরেন্টে করোনা রোগীর সেবাসহ বাড়ি ফিরতে না পারা দেশি-বিদেশি শ্রমিকদের নিজের খরচে স্বজনদের কাছে পৌঁছে দিয়েছেন। খুলেছেন নিজের ‘সোনু ফাউন্ডেশন’ নামের তহবিল এবার লকডাউনে একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করে চালাচ্ছেন ‘হিল ওয়েল’ নামের প্রজেক্ট। এতে করোনা রোগীরা ডাক্তারের ফ্রি পরামর্শ পাচ্ছেন। এ ছাড়া সোনু বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের ব্যবস্থা করছেন। এবার মধ্যপ্রদেশের মালওয়ার প্রত্যন্ত গ্রাম নিমুচের সব মানুষকে তিন বেলা খাওয়ার দায়িত্ব নিলেন তিনি। রিয়েলিটি শো ‘ড্যান্স দিওয়ানে’র একটি পর্বে অতিথি হয়ে এসেছিলেন সোনু সুদ। এখনকারই প্রতিযোগী উদয় সিং নাচ শেষে জানান যে তিনি খুব ছোট একটা গ্রাম থেকে এসেছেন। তার গ্রামের সবাই দিন আনে দিন খায়। কিন্তু লকডাউনে সব কাজ বন্ধ থাকায় তাদের গ্রামের সবারই খাওয়ার কষ্ট। এ কথা শুনে কান্নায় ভেঙে পড়েন সোনু সুদ। তাৎক্ষণিকভাবে কথা দেন, যত দিন লকডাউন চলবে, তত দিন ওই গ্রামের বাসিন্দাদের খাওয়াবেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে যাদের মা-বাবা মারা গেছেন, তাদের কথাও ভাবছেন সোনু। সরকারকে ইতিমধ্যে তিনি এমন অনাথ শিশুদের দায়িত্ব নিতে অনুরোধ করেছেন।

অন্যদিকে, নিজে অ্যাম্বুলেন্স চালিয়ে করোনার রোগী বহন করছেন ‘ওদেয়া’, ‘রুস্তম’, ‘আ দ্রুশিয়া’,‘যুবরতœ’খ্যাত দক্ষিণ ভারতের ব্যবসাসফল কন্নড় অভিনেতা অর্জুন গোদা। ভারতের বেঙ্গালুরুতে তার এ উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে। ইতিমধ্যে বেশ কজন রোগীকে নিজে অ্যাম্বুলেন্স চালিয়ে তিনি পৌঁছে দিয়েছেন বিভিন্ন হাসপাতালে। অর্জুন নিজস্ব অ্যাম্বুলেন্স সেবার প্রজেক্ট স্মাইল ট্রাস্টের অ্যাম্বুলেন্স নিজেই চালাচ্ছেন। কর্নাটকে অ্যাম্বুলেন্স স্বল্পতার কারণে এ সেবা চালু করেছেন তিনি। কেবল জীবিত মানুষই নন, যদি কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যান, শেষকৃত্যের জন্য তাদের মরদেহও বহন করছেন অর্জুন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুদিন হলো গাড়ি চালাচ্ছি। এরই মধ্যে বেশ কয়েকজনকে সহযোগিতা করেছি। এই কঠিন সময়ে আমাদের উচিত সব শ্রেণির মানুষের পাশে দাঁড়ানো, তা সে যে ধর্ম বা গোত্রের হোক না কেন।’  তিনি আরও লিখেছেন, ‘এ কাজ করার জন্য আমি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করছি আর প্রশিক্ষণও নিয়েছি। আপনারা যেভাবে আমাকে আশীর্বাদ করছেন, এতে আমি অভিভূত। কর্নাটকের মানুষের সেবা করতে পারাটা আমার জন্য পরম সৌভাগ্যের।’

এর আগে প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার, সালমান খান, আমির খান, আলিয়া ভাটসহ বেশ কজন তারকা দেশের এই দুঃসময়ে এগিয়ে গেছেন মানুষের কাছে।