কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির হতে অস্ত্রসহ মো. ইউনুচ (২৯) নামের একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)। তার বিরুদ্ধে এর আগেও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তিনি উখিয়া বালুখালী ক্যাম্প ২ (ইস্ট), ব্লক এ/৩ এর বাসিন্দা মো. তৈয়বের ছেলে।
সোমবার বিকেলে ক্যাম্প ২ ইস্ট, উখিয়া বালুর মাঠ পুলিশ ক্যাম্প এলাকা হতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক নিপু।
তিনি জানান, বালুর মাঠ ক্যাম্প সংলগ্ন এলাকায় একজন রোহিঙ্গা সশস্ত্র অবস্থায় ঘুরাফেরা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি অস্ত্র ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মিয়ানমার হতে আসার পর বালুখালী ক্যাম্প-৯ এর ব্লক-সি’/৪ এ পরিবার নিয়ে বসবাসকালীন স্থানীয়ভাবে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সাথে যুক্ত ছিল। এসব কারণে ২০১৭ সাল নাগাদ সন্ত্রাসীরা তাকে অপহরণ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করে ক্যাম্প-২(ইস্ট) এর এ/৩-ব্লকে বসবাসের সুযোগ করে দেয়।
অস্ত্র ও গুলিসহ ধৃত ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।