নোয়াখালীর সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সকাল ও সোমবার দিবাগত রাতে দুর্ঘটনা দুটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সেনবাগ উপজেলার সেবারহাট বাজারের ব্যবসায়ী সেনবাগ পৌরসভার অষ্টদ্রোন এলাকার আব্দুর রবের ছেলে মো. শাহীন (৩৫) দোকানে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হন। সকাল ৯টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের গোপালপুর পাম্প এলাকায় পৌঁছলে ফেনী থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির পিকআপভ্যান তার মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দিলে ঘটনাস্থলে শাহীনের মৃত্যু হয়।
অপরদিকে, সোমবার দিবাগত রাতে বাড়ীতে নির্মাণ কাজের জন্য ভ্যানযোগে বালু নিয়ে যাচ্ছিলেন বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে আব্দুল্লাহ আল মামুন আকাশ (১৭) ও আব্দুর রহিমের ছেলে নূর নবী (১৬)।
রাত সাড়ে ১২টার দিকে চৌরাস্তা-মাইজদী সড়কের একলাশপুর এলাকায় সড়ক পার হওয়ার সময় চৌমুহনী থেকে আসা একটি পিকআপভ্যান তাদের ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আকাশ, নূর নবী ও আলা উদ্দিন আহত হয়।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।
অবস্থার অবনতি হওয়ায় নূর নবীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাতে সেখানে তিনি মারা যান।
অপর আহত একই গ্রামের আলী আক্কাসের ছেলে আলা উদ্দিন (২১) নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই কাউছার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়িগুলো আটক করা হয়েছে।