কোভ্যাক্স চালাতে ৪৫০০ কোটি ডলার চায় ডব্লিউএইচও

ধনী ও দরিদ্র দেশগুলোয় করোনাভাইরাসের টিকা সরবরাহ নিশ্চিত করতে গঠিত কোভ্যাক্স উদ্যোগ চালাতে আরও অর্থ প্রয়োজন। আগামী বছর পর্যন্ত এই টিকা কর্মসূচি চালাতে সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার ডলার প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস এ তথ্য দেন বলে জানিয়েছে বিবিসি।

কোভ্যাক্স (কভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস ফ্যাসিলিটি) উদ্যোগের যৌথ নেতৃত্বে রয়েছে ডব্লিউএইচও, স্বল্পমূল্যে টিকা দেওয়ার বৈশ্বিক উদ্যোগ গ্যাভি, সংক্রামক রোগের টিকা তৈরির জন্য আন্তর্জাতিক সহযোগিতামূলক সংস্থা (সিইপিআই), জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান।

করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৪২ লাখের বেশি মানুষ। করোনার তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে, এই মহামারীতে মারা গেছেন ৩২ লাখের বেশি মানুষ। সুস্থ হয়েছেন প্রায় ১৩ কোটি ১৬ লাখ। এই মহামারী ঠেকাতে কোভ্যাক্স কর্মসূচি দৃশ্যমান হয় গত ফেব্রুয়ারিতে। ওই মাসে ঘানায় প্রথম টিকা সরবরাহ করা হয়। এরপর থেকে বিভিন্ন দেশে টিকা সরবরাহ করছে তারা।

কোভ্যাক্সের পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় ৪ কোটি ৯০ লাখ ডোজ টিকা বিভিন্ন দেশে সরবরাহ করা হয়েছে।