দ্বিতীয় ডোজের টিকা নিলেন আরও সাড়ে ৮৩ হাজার জন

করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এরই মধ্যে প্রথম ডোজের নতুন নিবন্ধনকারীদের  টিকাদান বন্ধ থাকলেও দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজের টিকা। গতকাল মঙ্গলবার একদিনে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৩ হাজার ৫৪০ জন। এদের মধ্যে পুরুষ ৫২ হাজার ৪৪৭ জন ও নারী ৩১ হাজার ৯৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩১ লাখ ৬ হাজার ৭০৯ জন।

এদিকে সীমিত পরিসরে প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে। গতকাল এক দিনে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩৮ জন। তার মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১৭ জন। দেশে এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৭৫৭ জন। এর মধ্যে পুরুষ ৩৬ লাখ ৮ হাজার ৮৩৪ জন ও নারী ২২ লাখ ১০ হাজার ৯২৩ জন।

দেশে এখন পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়ার তথ্য জানিয়েছেন ৯৯৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।