প্রতিবন্ধী ব্যক্তির ব্যবহার উপযোগী ‘ওয়েবসাইট’ দাবি

সরকারিসহ বিভিন্ন সংস্থার ওয়েবসাইট প্রতিবন্ধী মানুষের ব্যবহার উপযোগী করার দাবি জানিয়েছে বেসরকারি সংস্থা ইপসা ও মানুষের জন্য ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার ‘প্রতিবন্ধী মানুষের ওয়েবসাইটে প্রবেশগম্যতা বৃদ্ধি’ বিষয়ক একটি ওয়েবিনারে এ দাবি জানানো হয়।

ওয়েবিনারে অংশগ্রহণকারীরা বলেছেন, প্রতিবন্ধী মানুষ যেন সহজ পদ্ধতি প্রয়োগ করে কাজ চালাতে পারেন এবং তারা যেন ওয়েবের মাধ্যমে আরও বেশি করে যোগাযোগ ও মতবিনিময় করতে পারেন। ওয়েবে প্রবেশাধিকার মানে হলোÑ যে কোনো ব্যক্তি, বিশেষ করে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ যেন ওয়েব পেজটি দেখতে ও বুঝতে পারেন। ‘ওয়েব এক্সিসিবিলিটি রিপোর্ট বাই আইডেনটিফাইং গ্যাপস অ্যান্ড ব্যারিয়ারস উইথ রিকমেনডেশনস অ্যান্ড গাইডলাইন’ শীর্ষক একটি অডিট রিপোর্ট তৈরি করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী কনসালটেন্ট ভাস্কর ভট্টাচার্য। তিনি বলেন, দেশের ৫৭টি মন্ত্রণালয়ের ৩৫৩টি উপজেলায় সক্রিয় ওয়েব পোর্টাল আছে। তবে এখনো এখানে প্রতিবন্ধী মানুষের প্রবেশগম্যতা নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। দেশের অধিকাংশ সংস্থার ওয়েব পোর্টাল এবং ওয়েব পেইজ প্রতিবন্ধীবান্ধব নয়।