অক্সিজেনের অভাবে মৃত্যু গণহত্যার শামিল: ভারতীয় হাইকোর্ট

অক্সিজেনের অভাবে হাসপাতালে কোনো করোনা আক্রান্ত রোগীর মৃত্যু অপরাধমূলক ঘটনার মধ্যে পড়ে বলে মন্তব্য করেছে এলাহাবাদ হাইকোর্ট। শুধু তাই নয়, এই ধরনের ঘটনা গণহত্যা থেকে কম নয় বলেও জানিয়েছে আদালত।

বুধবার বিচারপতি সিদ্ধার্থ বর্মা ও বিচারপতি অজিত কুমারের ডিভিশন বেঞ্চ এসব কথা বলেন।

আনন্দবাজার জানায়, উত্তরপ্রদেশের লখনউ ও মেরঠে সম্প্রতি অক্সিজেনের অভাবে কভিড রোগীর মৃত্যুর অভিযোগ উঠে। এ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের হয় এলাহাবাদ হাইকোর্টে। শুনানি নিয়ে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন দুই বিচারপতি।

পর্যবেক্ষণে তারা বলেন, ‘হাসপাতালে শুধু অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুর ঘটনায় আমরা যন্ত্রণা পেয়েছি। এই ধরনের ঘটনা অপরাধমূলক এবং তা কোনো অর্থেই গণহত্যার থেকে কম নয়। আর এই গণহত্যার দায় তাদের ওপর বর্তায়, যাদের কাজ প্রতিটি মুহূর্তে রোগীদের অক্সিজেন সরবরাহ করা।’

দুই বিচারপতি বলেন, ‘যখন বিজ্ঞানের এত উন্নতি হয়েছে, হৃদযন্ত্র প্রতিস্থাপন, মস্তিষ্কে অস্ত্রোপচারের মতো ঘটনা ঘটছে, তখন এভাবে কী করে আমরা মানুষকে মরতে দিতে পারি?’

লখনউ ও মেরঠে অক্সিজেনের অভাবে মৃত্যুর যে অভিযোগ উঠেছে সেই বিষয়ে তদন্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে দুই জেলার জেলা প্রশাসককে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

উল্লেখ্য, করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে রীতিমতো বিধ্বস্ত ভারত। দেশটির স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। অক্সিজেনের অভাবে বহু করোনা রোগীর মৃত্যু হয়েছে।