তৃতীয়বারের মতো করোনা আক্রান্ত বাইডেন

  • লাস ভেগাসে নির্বাচনী প্রচারে গিয়ে বাইডেনের শরীরে করোনা শনাক্ত হয়
  • এই নিয়ে তিনবারের মত করোনা আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১০:৩৪ এএম

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বুধবার নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে গিয়ে তাঁর শরীরে করোনা শনাক্ত হয়। এই নিয়ে তিনবারের মত করোনা আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট।  

বৃহস্পতিবার এ খবর জানায় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, আল জাজিরা।

হোয়াইট হাউস জানিয়েছে, করোনার মৃদু উপসর্গে ভুগছেন মার্কিন এই প্রেসিডেন্ট। ইতিমধ্যে টিকা দেওয়া হয়েছে বাইডেনকে। ডেলাওয়ারে নিজের বাসায় তিনি সঙ্গনিরোধে থাকবেন। তবে তিনি সব দায়িত্ব পালন করবেন।

বাইডেনের প্রেস সেক্রেটারি কেরিন জেন-পিয়েরে বলেন, প্রেসিডেন্ট বাইডেন করোনাবিরোধী ভ্যাকসিন নিয়েছেন এবং তিনি বুস্টার ডোজও নিয়েছেন। এর আগেও তিনি দুবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে দুবারই তিনি সুস্থ হয়ে উঠেছেন।

৮১ বছর বয়সী বাইডেন বুধবার সকালে লাস ভেগাসে সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে তিনি এক বক্তৃতায় অংশ নেন। তবে রাতের একটি অনুষ্ঠান তিনি বাতিল করেন। সেখানে তার অংশ নেওয়ার কথা থাকলেও তিনি পরে আর সেখানে যেতে পারেননি।

এমন সময় বাইডেন করোনা আক্রান্ত হলেন, যখন দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে ক্রমশ তাঁর ওপর চাপ বাড়ছে। এমনকি নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যেই অনেকে তাকে সরে দাঁড়াতে বলেছেন।

৮১ বছর বয়সে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে লড়তে তিনি কতটা সক্ষম এবং তার শারীরিক সক্ষমতা নিয়ে তোলা হচ্ছে প্রশ্ন। গত মাসে ট্রাম্পের সঙ্গে বিতর্কে বিপর্যয়ের পর সে প্রশ্ন আরও জোরদার হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত