বাউফলে ডায়রিয়া আরও এক শিশু ও নারীর মৃত্যু

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবদুল্লাহ (৪) ও হাসিনা বেগম (৩০) নামে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে ও সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় তারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার দ্বিপাশা গ্রামের নয়া মাতুব্বরের মেয়ে হাসিনা বেগম ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।

এর আগে উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের খলিল মুন্সির ছেলে শিশু আবদুল্লাহ ডায়রিয়ায় আক্রান্ত হলে মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এর কিছুক্ষণ পরে ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবদুল্লাহ। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এএসএম সায়েম এ তথ্য নিশ্চিত করেন।