মুক্তিযোদ্ধা-শিল্পী অনুপ ভট্টাচার্য্য মারা গেছেন

মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও সুরকার অনুপ ভট্টাচার্য্য মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ঢাকার গে-ারিয়ায় আজগর আলী মেডিকেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মেয়ের জামাতা সুদীপ চক্রবর্তী দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।

বেশ কিছুদিন ধরেই অনুপ ভট্টাচার্য্য উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুর থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে। সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুদীপ চক্রবর্তী দেশ রূপান্তরকে বলেন, ‘তিনি কয়েক বছর ধরেই বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।’

১৯৪৫ সালে অনুপ ভট্টাচার্য্যরে জন্ম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলো’সহ বেশ কটি সমবেত গানে কণ্ঠ দেন তিনি। এ ছাড়া অনেক গানেরও সুরারোপ করেন এই গুণী শিল্পী। এর মধ্যে রফিকুল ইসলামের গাওয়া ‘বৈশাখী মেঘের কাছে’ ও মিতালী মুখার্জির কণ্ঠে ‘সুখ পাখি রে’ গান দুটি ‘জনপ্রিয়’ হয় বলে জানান অনুপ ভট্টাচার্য্যরে মেয়ে তৃষা ভট্টাচার্য্য।