উচ্চ আদালতের রায় উপেক্ষা করে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে রেস্টুরেন্ট/দোকান নির্মাণের উদ্দেশ্যে গাছ কাটা বন্ধ করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ ইমেইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী ও প্রধান স্থপতির উদ্দেশে এ নোটিস পাঠান। এতে নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ করতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে বলে জানান আইনজীবী।
নোটিসের বরাতে অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, সোহরাওয়ার্দী উদ্যানের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা সংরক্ষণের নির্দেশনা চেয়ে ২০০৯ সালে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এক রায়ে উদ্যানের সংরক্ষণে কয়েক দফা নির্দেশনা দেয়।