ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা গেছে ৭ মাস বয়সী শিশু তানিশা খাতুন। মর্মান্তিক এই মৃত্যুতে এখন শোকের মাতম চলছে তার পরিবারে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার ভাদালিয়া বেতাই পূর্বপাড়া গ্রামে। আগুনে একটি বসতঘরও পুড়ে ছাই হয়ে যায়।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ভাদালিয়া গ্রামে এ দুর্ঘটনায় নিহত তানিশা ওই গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে।

বেতাই পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিউর রহমান জুয়েল এ তথ্য নিশ্চিত করে জানান, ইব্রাহিম তার ভাই বাবুর মিটার থেকে সাইডলাইন নিয়ে ব্যবহার করে আসছিল। বেলা ১১টার দিকে ওই লাইন থেকে শর্টসার্কিট হয়ে প্রথমে শুকনা ভুট্টার খড়ে আগুন ধরে যায়। এরপর ওই আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা তানিশা ওই আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়।