কুমিল্লা ইপিজেডের সিং-সাং সু নামে একটি চীনা কোম্পানির কর্মকর্তা খাইরুল বাশার সুমন হত্যার মামলার প্রধান আসামি মো. মহিউদ্দীনকে (২১) গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল শুক্রবার ভোররাতে সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১১ সিপিসি-২-এর উপপরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
র্যাবের তথ্যমতে, সুমন হত্যার সঙ্গে মহিউদ্দীনসহ আরও সাত থেকে আটজন জড়িত। তারা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। তারা দীর্ঘদিন থেকে নগরীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত।
মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিউদ্দীন কিছু তথ্য দিয়েছে। সে সূত্রেই অপর আসামিদের ধরতে কাজ করছে র্যাব।
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল কুমিল্লা ইপিজেডের সামনের সড়কে একটি চীনা জুতা কোম্পানির কর্মকর্তা সুমনকে ছুরিকাঘাতে খুন করা হয়।