কুষ্টিয়া শহরতলির জুগিয়া পালপাড়ায় সেপটিক ট্যাংকের ভেতরে নেমে কাজ করার সময় দুজন মারা গেছেন। তারা হলেন নির্মাণশ্রমিক সাদেক বাচ্চু (৪০) ও তার সহকারী মানিক হোসেন (৩২)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে নির্মাণশ্রমিক সাদেক সহযোগী মানিককে নিয়ে সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে ট্যাংকের ভেতরে নামেন। বেশকিছু সময় তাদের সাড়া না পেয়ে গৃহকর্তা ও নির্মাণশ্রমিক সাদেকের ভগ্নিপতি কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম আশপাশের লোকজন ডেকে এনে ট্যাংকের ভেতর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করেন। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি শওকত কবির বলেন, বৃষ্টিবাদলের কারণে বাড়ির লোকজন সেপটিক ট্যাংকের মুখ বন্ধ রেখেছিলেন। অক্সিজেন সংকট ও গ্যাসের কারণে ওই দুই শ্রামকের মৃত্যু হতে পারে।