যারা হেফাজতের নামে দুষ্কর্ম, নিষ্ঠুরতা ও অত্যাচার করে তারা মানুষ নয়, অমানুষ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, ‘ইসলাম ধর্ম কখনো সহিংসতার কথা বলে না। ইসলাম শান্তির ধর্ম।’ গতকাল শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর গ্রামে হেফাজতের তা-ব্যে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় সহিংসতার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি নিজে এসে দেখে গেলাম। আমি আপনাদের সঙ্গে ওয়াদা করছি, যারা এই সহিংসতার সঙ্গে জড়িত, তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব। আমাদের প্রধানমন্ত্রী দুর্বার গতিতে এগিয়ে চলছেন। তিনি নিজেও একজন মুসলমান। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। সময়মতো তাহাজ্জুদ পড়েন। কোরআন পড়েন। তার হাতে বাংলাদেশ। তিনি কোরআন সুন্নাহর বাইরে কিছু করেন না।
তিনি আরও বলেন, যারা হেফাজতের নামে দুষ্কর্ম করে, নিষ্ঠুরতা করে, অত্যাচার করে, এরা মানুষ নয়, এরা অমানুষ। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনো সহিংসতার কথা বলে না।
গত ২৮ মার্চ জেলার সিরাজদিখান উপজেলার মধুপুর গ্রামে রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম আলমগীর কবীরের বাড়িসহ অন্তত ১০টি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে হেফাজতের নেতাকর্মীরা।