করোনার কারণে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়ায় দেশে ফিরে এসেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সাকিব আল হাসান। বর্তমানে হোটেলে কোয়ারেন্টাইনে আছেন এই টাইগার অলরাউন্ডার।
অন্যদিকে আহমেদাবাদে আইসোলেশনে আছেন সাকিবের কেকেআর সতীর্থ টিম সেইফার্ট। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। যার কারণে আইপিএলে অংশ নেওয়া কিউই ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও ধারাভাষ্যকারদের সঙ্গে চার্টার্ড বিমানে করে দেশে ফিরতে পারবেন না তিনি। ভারতেই আইসোলেশনে থাকছেন সেইফার্ট।
সেইফার্টের কভিড-১৯ পজিটিভ আসার খবরটি জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাইয়ের এক প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। যেখানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইক হাসি।