কিছুদিন আগে প্রয়াত হয়েছেন বাংলা চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’-খ্যাত নায়িকা সারাহ বেগম কবরী। তাকে নাচের মাধ্যমে স্মরণ করলেন টেলিভিশনের প্রিয়মুখ তারিন জাহান।
জানা গেছে, বিটিভির ঐতিহ্যবাহী ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য় বর্ণিল আয়োজনে স্মরণ করা হয়েছে কবরীকে।
নানা আয়োজনের ফাঁকে এবারের ‘আনন্দমেলা’য় তারিন নৃত্য পরিবেশন করবেন। এ জন্য তিনি বেছে নিয়েছেন কবরী অভিনীত ‘রংবাজ’ ছবির জনপ্রিয় গান ‘সে যে কেন এলো না’। একঝাঁক সহশিল্পীকে নিয়ে নাচ পরিবেশন করেছেন তারিন। সম্প্রতি বিটিভির স্টুডিওতে হয়েছে গানটি দৃশ্যায়ন।
জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ মুক্তি পায় ১৯৭৩ সালে। ঢাকার প্রথম অ্যাকশন ধারার নির্মাণ বলা হয় এ ছবিকে। কবরীর সঙ্গে অভিনয় করেছিলেন রাজ্জাক। এর তিন দশক পর মৌসুমী-ওমর সানীকে নিয়ে ছবিটির রঙিন রিমেক করেন উত্তম আকাশ।
এবারের ‘আনন্দমেলা’ উপস্থাপনায় থাকবেন চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ফেরদৌস-পূর্ণিমা। ঢাকার নামি তারকারা অংশগ্রহণ করছেন এ অনুষ্ঠানে। প্রচার হবে ঈদের দিন রাত ১০টার সংবাদের পর।