সন্ধ্যায় ইফতার শেষে সবাই জড়ো হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দীপ জ্বেলে যাই’ মিরসরাই সদর কার্যালয়ে। কারণ সবাই মিলে খাওয়ার প্যাকেট করবে। সেই প্যাকেট পৌঁছে যাবে অসহায় মানুষের ঘরে। গত বছর লকডাউনের সময় ১ হাজারের বেশি পরিবারকে তারা খাদ্য সহায়তা করেছিল তারা। আর এবার লকডাউনে ফেইসবুক গ্রুপ ‘মিরসরাইয়ান’র ব্যানারে তারা খাদ্য সহায়তা করছে অসহায় মানুষদের।
এ পর্যন্ত তারা ৬০ পরিবারের জন্য খাদ্য সহায়তা প্যাকেট পৌঁছে দিয়েছে। প্রতি প্যাকেটে প্রায় দেড় হাজার টাকার খাদ্য রয়েছে।
মিরসরাইয়ান গ্রুপের ভাষায় যেটা ‘উপহার’।
সংশ্লিষ্টরা জানান, গত বছর লকডাউনে এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা করা হয়েছিলো। তখন কোনো সাংগঠনিক নাম ছাড়া ওই সহায়তা করা হয়। তৎকালীন মিরসরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন ইমন তাদের বিভিন্নভাবে সহায়তা করেন। আর এখন করছেন বর্তমান মিরসরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান।
তারা জানান, আগস্টে ‘মিরসরাইয়ান’ গ্রুপের সৃষ্টি। এ গ্রুপের মাধ্যমে ৯৪ করোনা আক্রান্তকে ভিটামিন সমৃদ্ধ ‘উপহার’ পাঠানো হয়। এতে ছিল ২ কেজি আম, ১ কেজি মাল্টা, দুটি আনারস, ১০ লেবু, লটকন দেড় কেজি, মধু ১৫০ গ্রাম, মাস্ক ১০টি, মসলা (মিক্সড) মোট ৯৮০ টাকার সামগ্রী। এ পর্যন্ত তিন রোগীকে তিন লাখ টাকার সাপোর্ট দেওয়া হয়েছে। যার ৫৮ হাজার টাকা এসেছে গ্রুপের নামে বানানো টিশার্ট থেকে।
মিরসরাইয়ান গ্রুপের প্রধান অ্যাডমিন মুহিবুল আলম আরিফ বলেন, গত বছর লকডাউনের সময় আমরা এক হাজারের বেশি পরিবারকে সহায়তা করেছিলাম। আমরা তখন ফোন নাম্বার দিয়েছিলাম অনেককে। এবার তারা যোগাযোগ করেছেন। আমরা যাচাই-বাছাই শেষে খাওয়ার প্যাকেট নিয়ে ঘরের দরজায় রেখে চলে আসি। আমরা পেছনেও ফিরে দেখিনা। ছবিও তুলি না। কারণ তাদের অনেকে সমাজে সম্মান নিয়ে চলেন। ফিরে দেখে তাদের বিব্রত করতে চাই না।
তারা জানান, এ পর্যন্ত তারা মিরসরাইয়ের ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার প্রত্যেক পাড়া-মহল্লায় খাদ্য সহায়তা করেছেন। পুরো কাজের সঙ্গে আরো আছেন কমল, নাঈম নোবেল, শাহ এমরান, সজীব চৌধুরী, মো. রুবেল, মাহমুদুল হাসান, মুরাদ, রায়হান ও মেহেরাজ হোসেন অনি।
এ প্রসঙ্গে মিরসরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান বলেন, ‘মিরসরাইয়ান গ্রুপের প্রত্যেকটা কাজ ইতিবাচক। যে বয়সের ছেলেরা মাদকে ডুবে থাকে, অভিভাবকরা চিন্তায় থাকে তাদের নিয়ে, এরা তাদের থেকে ব্যতিক্রম। আমি ব্যক্তিগতভাবে তাদের সহায়তা করে থাকি। তাদের সাফল্য কামনা করছি।